এনটিএমসি’র সাবেক মহাপরিচালক ৮দিনের রিমাণ্ডে
আলোচিত ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক (ডিজি) থাকাকালীন সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-মিডিয়া) মো. ওবায়দুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে নিউমার্কেট থানায় হওয়া মামলার পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয় তাকে।
আপডেট: শুক্রবার বিকেলে সেনাবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের আট দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত। তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব এ আদেশ দেন। গত ১৬ জুলাই রাজধানীর নিউমার্কেট এলাকায় এক দোকান কর্মচারীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তাকে রিমান্ডে দেওয়া হয়েছে।
জিয়াউল আহসান ১৯৯১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও প্যারাট্রুপার ছিলেন। তিনি দীর্ঘদিন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব) দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালের ৫ মার্চ তিনি উপ-অধিনায়ক হিসেবে র্যাবে যোগ দেন। একই বছর ২৭ আগস্ট লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি পেয়ে র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক হন। ২০১৩ সালের ৭ ডিসেম্বর থেকে তিনি রব ছাড়ার আগ পর্যন্ত অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে কর্মরত থাকার সময় তাকে ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) ডিডিজি হিসেবে বদলি করা হয়। পরে তাকে সেখান থেকে এনএসআই’র পরিচালক হিসেবে সংযুক্ত করা হয় ২০১৬ সালের ২৮ এপ্রিল। ২০১৭ সালে এনটিএমসি’র পরিচালক হন। ২০২২ সালের ৫ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এনটিএমসি’র মহাপরিচালকের (ডিজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয় মেজর জেনারেল জিয়াউল আহসানকে।





